চট্টগ্রামে অটোরিকশা ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের এক সর্দারসহ তিন সদস্যকে পুলিশ গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে দুটি চোরাই অটোরিকশাও উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: হাবিবুর রহমান, আবু তাহের ও তাঁর ভাই শামসুজ্জামান। তাঁদের মধ্যে হাবিবুর ছিনতাইকারী দলের সর্দার। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তাহেরদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তাহেরের বিরুদ্ধে ছয়টি মামলা আছে।পুলিশ আরও জানায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম কলেজের সামনে থেকে তিন ছিনতাইকারী যাত্রীবেশে একটি অটোরিকশায় উঠে জিইসি মোড়ের কাছে পরিত্যক্ত একটি বাড়িতে যান। তাঁরা কৌশলে অটোরিকশার চালক ইমরান হোসেনকে ওই বাড়ির একটি কক্ষে নিয়ে মারধর করে ও আটকে রাখেই। পরে এক ছিনতাইকারী অটোরিকশার মালিক রূপেন দাশকে ফোন করে ছিনতাইয়ের বিষয়টি জানান এবং অটোরিকশার জন্য কুরিয়ারের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠাতে বলেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ এ প্রসঙ্গে বলেন, ‘অটোরিকশা ছিনতাইয়ের খবর পেয়ে আমরা অভিযান শুরু করি। অভিযানে তিনজনকে গ্রেপ্তার ও চোরাই দুটি অটোরিকশা উদ্ধার করি।’চালক ইমরান বলেন, ‘আমার কান্নাকাটি শুনে একজন লোক ওই বাড়িতে আসেন। আমি ঘটনার বর্ণনা দিলে তিনি সেখান থেকে আমাকে মুক্ত করেন।’ গ্রেপ্তার হওয়া তাহের কোতোয়ালি থানায় প্রথম আলোকে বলেন, ‘আমি তিন দফায় দুই বছর কারাগারে ছিলাম। সর্বশেষ আট মাস কারাভোগের পর মাস দুয়েক আগে জামিনে মুক্তি পাই। এই দুই মাসে চারটি অটোরিকশা চুরি করেছি।’পুলিশ জানায়, হাবিবুর অটোরিকশা ছিনতাইকারী চক্রের অন্যতম হোতা হারুন মোল্লার ভাগনে।