চট্টগ্রামে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি অটোরিকশার মালিকদের জমা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে বিক্ষোভ সমাবেশকালে পুলিশ পাঁচ পরিবহনশ্রমিককে গ্রেপ্তার করেছে। তাঁরা নগরের শহীদ মিনার চত্বরে সমাবেশ করছিলেন। গ্রেপ্তার করা ব্যক্তিরা জামায়াত-সমর্থক শ্রমিক বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া শ্রমিকেরা হলেন আকবর, নুর আলম, মোহাম্মদ ইউসুফ, আবদুর রহিম ও আহমুদুর রহমান। তাঁরা জামায়াত-সমর্থিত ‘চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর ব্যানারে গতকাল শহীদ মিনার চত্বরে সমাবেশ করছিলেন। সমাবেশের পর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। একপর্যায়ে পুলিশের বাধা পেয়ে শ্রমিকেরা ডিসি হিলের দিকে মিছিল করে যাচ্ছিলেন। এ সময় পুলিশ ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, নগরে সভা-সমাবেশ করার আগে পুলিশের অনুমতি নিতে হয়। সিএনজি অটোরিকশার ব্যানারে এক দল শ্রমিক অনুমতি না নিয়ে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ মহানগর আইনে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।অবশ্য গ্রেপ্তার হওয়া শ্রমিকেরা দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়ে সমাবেশ করে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে।জানা গেছে, সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৪৫০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা ১ জানুয়ারি কার্যকর হওয়ার কথা। এই সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত শ্রমিকেরা গতকাল শহীদ মিনার চত্বরে জড়ো হয়েছিলেন।