চট্টগ্রামে অটোরিকশার চালকদের আঙুলের ছাপ সংগ্রহ শুরু
চট্টগ্রামে ছিনতাই প্রতিরোধে সিএনজিচালিত অটোরিকশার চালকদের আঙুলের ছাপ নেওয়া শুরু করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে বৌদ্ধমন্দির-সংলগ্ন সড়কে মহানগর উপপুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অনেক চালকের আঙুলের ছাপ নেওয়া হয়।পুলিশ সূত্র জানায়, অটোরিকশার কিছু চালকের সহযোগিতায় সন্ত্রাসীরা নগরে ছিনতাইসহ নানা অপরাধ করছে বলে অভিযোগ রয়েছে। এসব চালক আবার পরিচয় গোপন করে একেক সময় একেক নাম-ঠিকানা ব্যবহার করে চালানোর জন্য অটোরিকশা ভাড়া নেয়। তাই একটি বিশেষ পেশার মানুষের আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। এ ধরনের আঙুলের ছাপ নেওয়া বাংলাদেশে এটাই প্রথম।নগর পুলিশের উপকমিশনার বনজ কুমার প্রথম আলোকে বলেন, ‘নগরে সিএনজিচালিত ১৩ হাজার অটোরিকশা আছে। এসব অটোরিকশার চালকের সংখ্যা ৩০ হাজার বলে আমরা জানতে পেরেছি। আমরা পর্যায়ক্রমে ৩০ হাজার অটোরিকশাচালকের আঙুলের ছাপ কম্পিউটারে সংরক্ষণ করে রাখব। এতে চালকের সহযোগিতায় ছিনতাইসহ অপরাধপ্রবণতা কমবে।’পুলিশ সূত্র জানায়, গতকাল একটি ল্যাপটপ নিয়ে আঙুলের ছাপ সংগ্রহের কার্যক্রম শুরু হয়। কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার শাহনেওয়াজ চালকদের আঙুলের ছাপ নেন। তাঁকে সহযোগিতা করেন উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ ও মোহাম্মদ মহসীন। প্রতিদিন নগরের বিভিন্ন মোড়ে এই কার্যক্রম চলবে।