চট্টগ্রামে রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত দেড় হাজার পুলিশ গতকাল রোববার থেকে নামানো হয়েছে। নগরের যানজট নিরসন, মার্কেটগুলোর নিরাপত্তা, উত্ত্যক্তকারীদের রোধসহ নিরাপত্তা বজায় রাখতে কাজ করছে নিয়মিত ফোর্সের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্যরা।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান, নগরের সব মার্কেটগুলোর সামনে স্থায়ী পুলিশ ক্যাম্প থাকবে। মার্কেটে উত্ত্যক্তকারীদের রোধ করতে সাদা পোশাকে নারী পুলিশের দল রয়েছে। এ ছাড়া মার্কেটে আসা ও ফেরার পথে ছিনতাই বন্ধে পুলিশের টহল দল ও মোটরবাইক দল সার্বক্ষণিক পাহারায় থাকবে।
বাবুল আক্তার আরও জানান, নগরের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে যানজট নিরসন, মার্কেটে আসা লোকজন যাতে ছিনতাই, উত্ত্যক্তকারীদের হয়রানির শিকার না হন সেদিকে সতর্ক নজর রেখেছে পুলিশ। এ ছাড়া ইফতার ও তারাবির নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকায় থানা-পুলিশের টহল দল থাকবে নগরের বিভিন্ন এলাকায়।