চট্টগ্রামে অতিরিক্ত ভাড়ার চাপে ঘরমুখো মানুষ
মো. আলমগীর হোসেন চট্টগ্রাম নগরে রিকশা চালান। সবার সঙ্গে ঈদ উদ্যাপন করতে বাড়ি যেতে চেয়েছিলেন। তাই গতকাল সোমবার অলংকার মোড়ের টিকিট কাউন্টারে এসেছিলেন বাগেরহাটের টিকিট কিনতে। কিন্তু মন খারাপ করে ফিরে যাচ্ছেন। বললেন, ‘৪৫০ টাকার টিকিট ৮৫০ টাকা দাবি করছে। এখন আর বাড়ি যাবই না। গেলে একেবারে ঈদের পরই যাব।’আরেক যাত্রী মাসুদ মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের এভাবে জিম্মি করার অর্থ কী। আমরা তো স্বল্প আয়ের মানুষ। ঈদে বাড়ি যেতে যদি এত টাকা খরচ করতে হয়, তাহলে চলব কী করে?’ গতকাল সকালে নগরের অলংকার মোড়, কদমতলী, বিআরটিসি বাসস্ট্যান্ড আর রেলওয়ে স্টেশনে গিয়ে ঘরমুখো মানুষের ভোগান্তির এই চিত্র দেখা গেছে। বাস, ট্রেন সব জায়গায় প্রায় একই অবস্থা। ফলে বাড়তি ভাড়া দিয়ে হলেও তাদের আপন গন্তব্যে ছুটতে হচ্ছে। গতকাল থেকেই অনেকে ঈদের ছুটি নিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন। ফলে যাত্রীদের বাড়তি চাপও ছিল। ঈদ উপলক্ষে নগরে যানজটও বেড়েছে সীমাহীন। কুমিল্লার যাত্রী বিলকিস আক্তার জানান, ‘হালিশহর আমার বাসা থেকে অলংকারে রিকশায় আসতে বড়জোর ২০-২৫ মিনিট লাগে। সেখানে যানজটের কারণে প্রায় এক ঘণ্টা লেগেছে। রিকশায় দিতে হয়েছে বাড়তি ভাড়া। এখানে এসে দেখছি একই অবস্থা।’চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, মালপত্র নিয়ে প্লাটফর্মে বসে আছে প্রচুর যাত্রী। অনেকেই আগেভাগে এসে টিকিট নিশ্চিত করার চেষ্টা করছে। সিলেটের যাত্রী নাছির হোসেন বলেন, ‘আমি রাতের ট্রেনে সিলেট যাব। সকাল নয়টায় স্টেশনে এসেছি টিকিটের জন্য। ১৯০ টাকার টিকিট কিনেছি ৫০ টাকা বেশি দামে।’ স্টেশনে আরও কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে তাঁর অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারা জানায়, রেলওয়ে কাউন্টার থেকেই সিলেটের ভাড়া ২০০-২৫০ টাকা আদায় করা হয়। এ ব্যাপারে কাউকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়েও যাত্রীদের দুর্ভোগ চোখে পড়ে। লক্ষ্মীপুরের যাত্রী রহমান মিয়া বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে কাউন্টারে হইচই বাধিয়ে দেন। শাহী কাউন্টারের কর্মী মো. সুমন জানান, ‘ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের ভাড়া ২৫০ টাকা করা হয়েছে।’ রহমান মিয়া বলেন, ‘১৫০ টাকার ভাড়া ২৫০ টাকা হবে কেন, এর কোনো যুক্তি আছে?’ খুলনার যাত্রী তৌফিক মাহমুদ জানান, জনপ্রতি ৭০০ টাকা বাড়তি ভাড়া দিয়েই তিনি বাড়ি যাচ্ছেন। উত্তর ও দক্ষিণবঙ্গের টিকিট ফুরিয়ে যাওয়ার কথা স্বীকার করে হানিফ কাউন্টারের ব্যবস্থাপক এম এ রানা বলেন, ‘আমাদের এখানে গাড়ির সংখ্যা কম। সবই বুকিং হয়ে গেছে।’ কদমতলী বাসস্ট্যান্ডে গিয়েও ভাড়া নিয়ে বাসের লোকজন ও যাত্রীদের মধ্যে বাগিবতণ্ডার চিত্র দেখা গেছে। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কুমিল্লা, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, মাইজদী, ফেনী, সোনাপুরগামী যাত্রীদের কাছ থেকে।