চট্টগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্র
চট্টগ্রামের ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো. রেজাউল কবির চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে তহবিল তছরুপের অভিযোগে একটি মামলা হয়েছে। ইসলামিয়া কলেজ ছাত্র-ছাত্রী সংগ্রাম পরিষদের সদস্য ও বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আসিফ আলভী গতকাল সোমবার বাদী হয়ে মামলাটি করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
মামলার আরজিতে অধ্যক্ষ রেজাউল কবিরের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪১৭, ৪৬৮, ৪৭৭(ক) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, অধ্যক্ষ প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে বাড়তি অঙ্কের টাকা আদায় করছেন। ২৩ বছরে তিনি বিপুল অঙ্কের টাকা আদায় করেন, যা দুর্নীতি ছাড়া আর কিছু নয়।
প্রসঙ্গত, এক মাসের বেশি সময় ধরে ইসলামিয়া কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ছাত্রলীগ-সমর্থিত ছাত্র-ছাত্রী সংগ্রাম পরিষদ। সর্বশেষ শিক্ষক সমিতির সভায় ছাত্রলীগের কর্মীরা ডিম ছুড়ে মেরেছেন। এ ঘটনার পর ৭ আগস্ট ছাত্রলীগ ও সংগ্রাম পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন অধ্যক্ষ।