চট্টগ্রামে অনির্দিষ্টকালের অবরোধের প্রভাব নেই
১৮-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কোনো প্রভাব নেই চট্টগ্রামে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই যানজটের নগরে পরিণত বন্দরনগর চট্টগ্রাম। বিভিন্ন অফিস-আদালত ও শিল্প-কারখানায় পুরোদমে কাজ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শুরু হয়েছে পুরোদমে পাঠদান।
একতরফা নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে ১৮-দলীয় জোট। এর মধ্যে দুই দফায় টানা পাঁচ দিন হরতাল কর্মসূচি পালন করেছে ১৮-দলীয় জোট। কিন্তু উভয় কর্মসূচি সফল করতে জোটের কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি।
গতকাল থেকেই নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়ে গেছে। এ কারণে স্কুলগুলোর সামনে ভিড় ছিল। অফিস-আদালত ও শিল্পপ্রতিষ্ঠানে পুরোদমে কাজ হয়েছে। রাস্তায় গণপরিবহন নেমেছে। এ কারণে নগরের বিভিন্ন মোড়ে যানজট দেখা দেয়। এমনকি দূরপাল্লার পণ্যবাহী গাড়ি চলাচল করেছে।
দূরপাল্লার দু-একটি বাসও চলেছে বলে জানা গেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাকসুর সাবেক এজিএস মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ গণহারে মামলা দিয়েছে। এ কারণে শীর্ষ দুই নেতাসহ অনেকে কারাগারে আছেন।
পুলিশের হয়রানির কারণে আমাদের অনেকে গা-ঢাকা দিলেও তৃণমূল নেতারা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন সফল হবে। অবৈধ সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা আদায় করবই।’
তৃণমূল নেতারা রাজপথে আছেন বলে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান দাবি করলেও অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে গতকাল জোটের কেউ রাস্তায় নামেননি। এমনকি দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে বিএনপি বা জোটের একজন কর্মীকেও দেখা যায়নি। বিএনপি নেতা-কর্মীদের মধ্যে হতাশা নেমে এসেছে বলে অনেকে মনে করছেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের ব্যর্থতার কারণে চলমান আন্দোলন সফল হয়নি। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি আমরা আদায় করে নিতে পারিনি। তাই কর্মীদের মধ্যে হতাশা নেমে এসেছে। এখন আর কেউ রাস্তায় নামতে আগ্রহী নয়। এ কারণে অবরোধ কর্মসূচি কার্যত ভোঁতা হয়ে গেছে।’
গতকাল চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিল। কিন্তু বেশির ভাগ ট্রেন সূচি মেনে চলতে পারেনি। বিপণিবিতানগুলোয় ভিড় ছিল।