চট্টগ্রামে অনুপম সেনের সংবর্ধনা
কেন্দ্রভিত্তিক মার্ক্সবাদী চর্চা থেকে বেরিয়ে তিনি শুরু করেছিলেন নব্য মার্ক্সবাদের চর্চা। তিনি শুধু সমাজবিজ্ঞানী নন, একাধারে সাহিত্যিক, কবি ও দার্শনিক। তাঁর বিদ্যাচর্চা ও পাণ্ডিত্য সব ক্ষেত্রেই লক্ষ করা যায়। ইউরোপ এবং ভারত উপমহাদেশের রাজনীতির পথপরিক্রমাকে সূক্ষ্ম বিশ্লেষণ করে সেই সব ঘটনাবলির কারণ অনুসন্ধান করেছেন, যা তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী অনুপম সেনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। আবৃত্তি সংগঠন ‘উচ্চারক আবৃত্তি কুঞ্জের’ আয়োজনে গতকাল শনিবার বিশিষ্ট এই সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও প্রাবন্ধিক হায়াৎ মামুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ইফতেখার উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ওবায়দুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। সংবর্ধনা অনুষ্ঠানে অনুপম সেনের কবিতা আবৃত্তি করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সদস্যরা। গান পরিবেশন করেন মোস্তফা কামাল।