চট্টগ্রামে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার সময় দেওয়ার পরও সাক্ষী হাজির না হওয়ায় অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের এক নাগরিকের বিরুদ্ধে মামলার কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাঁকে মুক্তির আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালত এই আদেশ দেন। আদেশে মিয়ানমারের ওই নাগরিক হাফিজ উদ্দিনকে (২৪) তাঁর দেশে ফেরত পাঠাতে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, জেলা প্রশাসক ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ অগাস্ট নগরের চান্দগাঁও থানার পশ্চিম ষোলশহর এলাকার একটি মসজিদ থেকে স্থানীয় বাসিন্দারা হাফিজ উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। ওই সময় হাফিজ নিজেকে মিয়ানমারের আকিয়াব জেলার নাইরং থানার পিডিং গ্রামের নাছের উদ্দিনের ছেলে বলে পরিচয় দেন। বাংলাদেশে অনুপ্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয় লোকজন হাফিজকে থানায় সোপর্দ করে। পরে স্থানীয় সুলতান আলম চান্দগাঁও থানায় হাফিজ উদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশে প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ২ ধারায় মামলা করেন।