চট্টগ্রামে অনেক নির্মাণ প্রতিষ্ঠান নিয়মকানুন মানছে না
চট্টগ্রাম শহরে আবাসন নির্মাণের সঙ্গে জড়িত অনেক প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তৈরি করা নিয়মকানুন মানছে না। অনেক প্রতিষ্ঠান এসব নিয়ম জানেই না। ফলে নিয়ম না মেনে নগরে অনেক বহুতল ভবন নির্মাণ করছে এসব প্রতিষ্ঠান।গতকাল সোমবার চউক মিলনায়তনে বিভিন্ন নির্মাণপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানানো হয়। প্রায় দুই ঘণ্টার বৈঠকে বলা হয়, নগর উন্নয়ন কমিটি বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের তৈরি অনেক বহুতল ভবনের নানা ত্রুটি চিহ্নিত করেছে। এগুলোর নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এসব ত্রুটিপূর্ণ বহুতল ভবনের কোনো কোনোটি ২০ থেকে শতভাগ ভেঙে ফেলতে হবে। বৈঠকে চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম কর্মকর্তাদের কাছে নির্মাণপ্রতিষ্ঠান হিসেবে কাজ করার বৈশিষ্ট্যগুলো জানতে চান। তখন চউকের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান তা বলতে গড়িমসি করেন। এ সময় চউক চেয়ারম্যান আবদুচ ছালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুঃখজনক হলেও বলতে হচ্ছে, ২৬ মাসের দায়িত্ব পালনকালে চউকের কোনো কর্মকর্তা প্রকৌশলী আমাকে সৎ পরামর্শ দেননি।’সভায় ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবন নির্মাণের ক্ষেত্রে নানা ত্রুটির বিষয় তুলে ধরে হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—নর্দান, গ্রিন ডেল্টা, মিশন, জুমাইরা, দোয়েল প্রপার্টিজ, সানমার, কনকর্ড, ইকুইটি, নাভানা, স্কাইটেক, সিপিডিএল, ওহাব ব্রাদার্স ও হামদর্ন প্রপার্টিজ।এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিদের জানানো হয়, চউকের কর্মকর্তারা প্রতিটি প্রতিষ্ঠানের ভবন ভাঙা ও ত্রুটি সারানোর জন্য তাঁদের সঙ্গে আলাদা বসে কথা বলবেন। চউক গঠিত নগর উন্নয়ন কমিটি এসব প্রতিষ্ঠানের ১৫টি ভবনের ত্রুটিগুলো খুঁজে বের করে। কেউ ছয়তলার অনুমতি নিয়ে পরে ১২ তলার ভবন নির্মাণ করেছে। এসব ভবনের আংশিক থেকে পুরোটাই ভেঙে ফেলা হবে।