চট্টগ্রামে অপরাধ দমনে ‘ওয়াচম্যান’ প্রযুক্তি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অত্যাধুনিক ‘ওয়াচম্যান’ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দপ্তরে এই প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল ইসলাম বলেন, ওয়াচম্যান ডিজিটাল পুলিশ প্রটেকশন সিস্টেম (ডিপিপিএস) বিষয়ে গত মাসে বেসরকারি প্রতিষ্ঠান ইজি গ্রুপের সঙ্গে সিএমপির চুক্তি সই হয়। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি চট্টগ্রামের চারটি প্রতিষ্ঠানে এই প্রযুক্তি ব্যবহার করছে। পুরো প্রক্রিয়া পরিচালনার জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। ‘ওয়াচম্যান’ প্রযুক্তি ব্যবহার করা হয়, এমন কোনো স্থাপনায় কোনো ধরনের চুরি-ডাকাতি-অবৈধ অনুপ্রবেশ ও দরজা-জানালা ভাঙার ঘটনা ঘটলে এ-সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণকক্ষে চলে যাবে। এই বিষয়ে প্রতিষ্ঠানের মালিক ও মনোনীত ১০ জনের মুঠোফোনে তথ্য পৌঁছে যাবে। অনুষ্ঠানে শফিকুল ইসলাম বলেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে অপরাধী শনাক্তকরণ ও গ্রেপ্তার সহজসাধ্য হবে। মানুষ প্রযুক্তি ব্যবহারে সচেতন হলে অপরাধের প্রবণতাও কমবে। অনুষ্ঠানে ইজি গ্রুপের পরিচালক শাহনূল হাসান খান বলেন, ‘ওয়াচম্যান প্রযুক্তি ক্লোজড সার্কিট ক্যামেরার চেয়েও উন্নত। ক্যামেরা নষ্ট হলে আলামত ধ্বংস হয়ে যায়। ওয়াচম্যানের ডিভাইস ভাঙা হলে ভাঙার বিষয়টিও মুঠোফোনে তথ্য আকারে যাবে।’ এই ব্যবস্থা স্থাপনে এককালীন ৫০ হাজার টাকা এবং পরিচালনা ব্যয় বাবদ মাসিক ৫০০ টাকা ব্যয় হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার, উপকমিশনার (যানবাহন) কুসুম দেওয়ান, উপকমিশনার মিরাজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ হেল বাকী, হাবিবুর রহমানসহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।