চট্টগ্রামে অপহূত কিশোরী উদ্ধার গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলশী থানাধীন ফয়স লেক এলাকা থেকে র্যাব গত শুক্রবার অপহূত এক কিশোরীকে উদ্ধার করেছে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৭-এর বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। র্যাব সূত্রে জানা যায়, ফয়স লেক নূরানী মাদ্রাসা এলাকা থেকে মো. রিয়াজ (২৪) ও মো. সাদেককে (১৮) প্রথমে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে ফয়স লেকের লেকভিউ আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মিনু প্রকাশ মুন্নী (১৯), সুমী আক্তার (২০) ও খুরশিদা আক্তারকে। এই বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে। ওই কিশোরীকে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয় বলে গ্রেপ্তার হওয়া পাঁচজন র্যাবের কাছে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানায় হস্তান্তর করা হয়।