চট্টগ্রামে অপহূত ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর অপহরণকারীরা অপহূত ছাত্রকে ছেড়ে দেয়। গ্রেপ্তার ব্যক্তির নাম রবিউল হোসেন। তিনি নিজেকে দৈনিক ভোরের সময় নামে পত্রিকার ব্যুরো-প্রধান বলে পুলিশের কাছে দাবি করেন।উদ্ধার হওয়া ছাত্রের নাম আকবর হোসেন। তিনি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র। পুলিশ সূত্র জানায়, গত বুধবার বিকেলে নগরের চকবাজার এলাকা থেকে আকবর হোসেনকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। কথিত সাংবাদিক রবিউল হোসেন এ অপহরণ ঘটনার নেতৃত্ব দেন। পরে আকবরের মায়ের মুঠোফোনে ফোন দিয়ে রবিউল ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় রবিউল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, পুলিশ তাঁর কিছুই করতে পারবে না। সন্ধ্যার দিকে আকবরের মা বিবি আয়েশা ছেলের অপহরণের বিষয়টি পাঁচলাইশ থানার পুলিশকে জানান। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘রবিউল ইসলাম সাংবাদিক পরিচয় দিয়ে ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে একটি সন্ত্রাসীচক্র গড়ে উঠেছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ ওসি আলমগীর বলেন, ‘বুধবার রাতে আমি কৌশলে মুরাদপুর এলাকায় ভোরের সময় নামে পত্রিকার কার্যালয়ে গিয়ে রবিউলকে আটক করি।পরে তাঁকে রাতভর জিজ্ঞাসাবাদ করি। বৃহস্পতিবার সকালে রবিউলের সহযোগীরা আকবরকে চোখ বাঁধা অবস্থায় নগরের জাতিসংঘ পার্ক এলাকায় ছেড়ে দিয়ে পালিয়ে যায়।’