চট্টগ্রামে অপহূত ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অপহূত এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে নগরের বায়েজিদ থানার আরেফিননগর এলাকা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। সে নগরের একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গ্রেপ্তার যুবকেরা হলেন মো. মিজান (২৩), বাপ্পি (২২) ও কার্ত্তিক ধর (২১)। গত মঙ্গলবার গভীর রাতে নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহূত ছাত্রীকে উদ্ধার করা হয়।চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. সুজায়েত ইসলাম প্রথম আলোকে জানান, কলেজছাত্রীকে অপহরণ করে যুবকেরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অভিযোগ পাওয়ার পরই পুুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং এর সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেওয়া নগরের ডবলুমরিং থানার উপপরিদর্শক (এসআই) প্রিটন সরকার প্রথম আলোকে জানান, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে তিন যুবক ওই ছাত্রীকে অপহরণ করেন। পরে মুঠোফোনে ছাত্রীর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।প্রিটন সরকার জানান, অপহূত ছাত্রীর চাচা থানায় অভিযোগ করেন। তাঁর মাধ্যমে পাঁচ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করা হবে বলে অপহরণকারীদের জানানো হয়। এরপর অপহরণকারীরা মঙ্গলবার বিকেলে জিইসি মোড় এলাকায় টাকা নিয়ে যেতে বলে।’পুলিশ সূত্র জানায়, এরপর পর্যায়ক্রমে সাতবার স্থান পরিবর্তন করেও অপহরণকারীরা টাকা নিতে যায়নি। অবশেষে রাত দেড়টার দিকে নগরের রাহাত্তারপুল এলাকা থেকে মুক্তিপণ নিতে আসা তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরেফিননগর এলাকায় অভিযান চালিয়ে অপহূত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিন যুবকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।