চট্টগ্রামে অপহূত ব্যবসায়ী উদ্ধার
চট্টগ্রামের কোতোয়ালি মোড় থেকে অপহূত ব্যবসায়ী মো. নুরুল আলমকে (৪৫) গতকাল বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। তাঁরা হলেন: পটিয়ার মুরাদুল আলম (২৮) ও চন্দনাইশের মোস্তাক আহম্মেদ (৩৫)।নুরুল আলমের বাড়ি সাতকানিয়ায়। তিনি নগরের নূপুর মার্কেটের ব্যবসায়ী। পরিবারের ভাষ্যমতে, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নগরের কোতোয়ালি মোড় থেকে তাঁকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে নুরুল আলমের স্ত্রীর কাছে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে তারা। টাকা না দেওয়া হলে তাঁকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়।পুলিশ সূত্র জানায়, বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় এবং অপহূতের স্ত্রী কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনা তদন্তে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও সদীপ কুমার দাশের (পরিদর্শক-তদন্ত) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। মুক্তিপণের জন্য যে মুঠোফোন থেকে অপহূতের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় ওই নম্বরের সূত্র ধরে অপহরণকারী দলের সদস্য মুরাদুলকে বুধবার রাত সাড়ে ১০টায় স্টেশন রোড এলাকা থেকে পুলিশ আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল ভোরে বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে অপহূতকে উদ্ধার করা হয়। এ সময়ে অপহরণকারী দলের অন্য সদস্য মোস্তাক আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।