চট্টগ্রামে অপহূত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকা থেকে অপহূত এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে র‌্যাব-৭-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া সঞ্জু মিয়া (৩৫) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া শিশুর নাম মাহিমা আক্তার (৩)। গ্রেপ্তার সঞ্জু অপহূত মাহিমার ফুফাতো বোনের স্বামী।মাহিমার বাবা মাসুদ রানা সৌদিপ্রবাসী। মাহিমার মা বিউটি আক্তার নগরের পতেঙ্গা থানার নারিকেলতলা এলাকার বাসিন্দা। গ্রেপ্তার সঞ্জু তাঁদের প্রতিবেশী। র‌্যাব-৭-এর উপপরিচালক রকিবুল আমিন বলেন, ‘গত বৃহস্পতিবার মাহিমাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সঞ্জুই অপহরকারীদের সঙ্গে মধ্যস্থতা করছিলেন।’ রকিবুল আমিন বলেন, ‘সঞ্জুই অপহরণকারীদের মূল হোতা। গত শুক্রবার দুপুরে পতেঙ্গা ১২ নম্বর ঘাট এলাকায় মাহিমাকে একটি পানের দোকানের সামনে রেখে যান এক ব্যক্তি। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।’ এরপর সাদা পোশাকের র‌্যাব সদস্যরা সঞ্জুকে গ্রেপ্তার করেন।