চট্টগ্রামে অপহূত স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মেলেনি
চট্টগ্রামে অপহূত স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীর খোঁজ মেলেনি। এদিকে তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করতে প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির নেতারা।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ সময়সীমা দেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে নগরের কোতোয়ালি পুরাতন টেলিগ্রাফ রোডের বাসা থেকে দোকানে যাওয়ায় সময় ডিবি পুলিশ পরিচয়ে মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অপহরণের অভিযোগে মামলা করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, অপহূত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের বিশেষ দল কাজ করছে।
গতকাল বিকেলে জুয়েলার্স সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে মৃদুল চৌধুরীকে উদ্ধারের দাবিতে আজ বৃহস্পতিবার নগরের কে সি দে রোডে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে জীবিত উদ্ধার করা না হলে কঠোর আন্দোলনসহ স্বর্ণ ব্যবসায়ীরা রাস্তায় নামার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জুয়েলার্স সমিতি চট্টগ্রামের সভাপতি নুরুল আবছার বলেন, ‘অপহরণের জন্য আমরা সরাসরি কাউকে অভিযুক্ত করছি না। যে-ই অপহরণ করুক, প্রশাসনকে ৭২ ঘণ্টার মধ্যে মৃদুল চৌধুরীকে জীবিত উদ্ধারের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে জুয়েলার্স সমিতির নেতা ও অপহূত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।