চট্টগ্রামে অপহৃত কলেজছাত্র উদ্ধার গ্রেপ্তার ৩
চট্টগ্রামে অপহরণের একদিন পর সাইফুল ইসলাম (১৮) নামের এক কলেজছাত্রকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইফুল ইসলাম নগরের হালিশহরের ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের মোহাম্মদপুর ইসমাইল কলোনির একটি বাসা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রবাসী আবদুর রহমানের ছেলে সাইফুলকে গত বুধবার বিকেলে নগরের চকবাজার ডিসি রোড এলাকা থেকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে অপহরণকারীরা সাইফুরের পরিবারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হলে প্রথমে তৌহিদ উদ্দিন নামের এক যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ তৌহিদুল মোস্তফা ও মোহাম্মদ নামের আরও দুই যুবককে আটক করে। পরে ওই এলাকার একটি বাসা থেকে সাইফুলকে উদ্ধার করা হয়। অপহরণের মূল হোতা মুরাদকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি মুক্তিপণ আদায়ের জন্য প্রবাসী আবদুর রহমানের ছেলেকে অপহরণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।