চট্টগ্রামে অপহৃত ঠিকাদারের খোঁজ মেলেনি এখনো
চট্টগ্রামে অপহৃত এক ঠিকাদারের খোঁজ মেলেনি সাড়ে পাঁচ মাসেও। পরিবারের অভিযোগ, পুলিশ যথাযথভাবে তদন্ত না করায় অপহৃত ওই ব্যক্তির সন্ধান মিলছে না।
অপহৃত ঠিকাদারের স্বজনেরা বলছেন, গত মাসে তাঁরা অপহরণকারীদের এক লাখ টাকা মুক্তিপণ দিয়েছেন। তারপরও অপহৃত ঠিকাদারকে মুক্তি দেওয়া হয়নি।
নগরের উত্তর পতেঙ্গা এলাকার বাসিন্দা পাইপ ফিটিংসের ঠিকাদার শেখ খাইরুল হাসান ওরফে টিটু গত বছরের ১৫ সেপ্টেম্বর পতেঙ্গা সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁর স্ত্রী কানিজ ফাতেমা পরদিন পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জানা যায়, খাইরুলকে অপহরণ করা হয়েছে।
অপহৃত খাইরুলের মা জাহানারা আক্তার প্রথম আলোকে বলেন, ছেলেকে অপহরণের অভিযোগে পতেঙ্গা থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। তারা জিডি করার পরামর্শ দেয়। পুলিশের কথামতো জিডি করা হয়। কিন্তু পুলিশ তাঁর ছেলের কোনো সন্ধান দিতে পারেনি। পরে গত বছরের ডিসেম্বরে তাঁরা আদালতে মামলা করেন। আদালত থানার পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। পুলিশ এখনো তাঁর ছেলেকে উদ্ধার করতে পারেনি। মামলায় স্থানীয় দুই ব্যক্তিকে সন্দেহভাজন আসামি করা হলেও পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করতেও আটক করেনি।
জাহানারা আক্তার বলেন, গত ২১ ফেব্রুয়ারি অপহরণকারীরা তাঁর ছোট ছেলে জাহিদ হাসানের মুঠোফোনে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা বলে, মুক্তিপণ দিলে খাইরুলকে ছেড়ে দেওয়া হবে। তারা খাইরুলের সঙ্গে কথাও বলিয়ে দেয়। শিগগিরই মুক্তিপণ না দিলে তাঁর ছেলেকে মেরে লাশ গুম করার হুমকি দেয় তারা। বিষয়টি পুলিশকে জানালে তাঁর ছোট ছেলেকে অপহরণের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, ছেলেকে ফিরে পেতে তাঁরা অপহরণকারীদের কথামতো বিকাশের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দেন। কিন্তু তারা খাইরুলকে ছাড়েনি।
মুক্তিপণ দিয়েও ছেলের খোঁজ না পেয়ে জাহানারা আক্তার ৬ মার্চ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে একটি আবেদন করেন। এতে তিনি মামলাটির তদন্তের দায়িত্ব পতেঙ্গা থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিংবা অন্য কোনো সংস্থাকে দেওয়ার আবেদন করেন। আদালত গত ডিসেম্বরে করা মামলার সঙ্গে আবেদনটি যুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পতেঙ্গা থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুল কবির প্রথম আলোকে বলেন, অপহৃত ব্যক্তির পরিবার অপহরণকারীদের এক লাখ টাকা মুক্তিপণ দেওয়ার আগে পুলিশকে কিছুই জানায়নি। জানানোর পর অপহরণকারীদের শনাক্ত করতে যেসব বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়েছে, সেগুলো নগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়েছে। তবে এখনো কিছু জানা যায়নি।
অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অবহেলার অভিযোগ অস্বীকার করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
অপহৃত খাইরুলের স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে জীবিত ফেরত চাই। আড়াই বছরের ছেলে সিয়াম শুধু তার বাবাকে খুঁজছে। ছেলেকে বলতে পারছি না তার বাবা কোথায়?’