চট্টগ্রামে অবরোধ-হরতাল ঢিলেঢালাভাবে পালিত
চট্টগ্রাম নগরে গতকাল বুধবার ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ ও জামায়াতের হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
গতকালও বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ সীমাবদ্ধ ছিল। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সমাবেশে বক্তব্য দেন। বিএনপি বা ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা আর কোথাও নামেননি। হরতালের সমর্থনে জামায়াতের কোনো পিকেটারও দেখা যায়নি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ‘আমিসহ কয়েকজন পুলিশ বড়পোল এলাকায় অবস্থান করছিলাম। ওই সময় পাশের একটি বস্তি থেকে আমাদের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। তবে সেটির বিস্ফোরণ ঘটেনি। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দলের সদস্যরা এসে সেটি নিষ্ক্রিয় করেন।’
এদিকে নগরের প্রবেশপথ হিসেবে পরিচিত অলংকার ও কর্নেলহাট এলাকায় গতকালও ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা জড়ো হতে পারেননি।
নগর পুলিশের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, ‘নাশকতাকারীদের কাউকে দেখা যাচ্ছে না। সবাই গাঢাকা দিয়েছে। আমাদের অভিযানও চলছে।’ গতকাল নাসিমন ভবন চত্বরের সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সারা দেশ এখন একটি কারাগারে পরিণত হয়েছে। বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। কারাগার থেকে নেতা-কর্মীদের মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই।’
নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে গতকালের সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার ও কাজী আকবর প্রমুখ।