চট্টগ্রামে অবরোধকারী ও পুলিশ সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের অলঙ্কার মোড় এবং এ কে খান মোড়ে পুলিশের সঙ্গে ১৮ দলের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

আহত দুই পুলিশ হলেন কনস্টেবল রাহুল বড়ুয়া ও কনস্টেবল আনিসুর রহমান। বহদ্দারহাটে ককটেলে আহত অপর পুলিশ হলেন অঞ্জন চৌধুরী। প্রথম দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

গতকাল সকালে নগরের চান্দগাঁও পুরান থানার সামনে অবরোধকারীরা টহল পুলিশের একটি গাড়িতে ককটেল ছুড়ে মারে। এতে অঞ্জন চৌধুরী আহত হন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে বলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ জানান।

অন্যদিকে নগরের এ কে খান মোড়ে সকাল নয়টার দিকে অবরোধকারীরা সড়ক ও রেললাইন অবরোধ করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পাথর নিক্ষেপ করতে থাকেন। পুলিশও পাল্টা টিয়ার শেল এবং ফাঁকা গুলি নিক্ষেপ করে।

একপর্যায়ে অবরোধকারীরা সেখান থেকে চলে যায়। পরে তারা ঘুরে অলঙ্কার মোড়ে অবস্থান নিয়ে পুনরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্তত তিন-চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।

একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে পুলিশের অভিযোগ। এতে আনিসুর রহমান ও রাহুল নামের দুই কনস্টেবল গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, আনিসুর রহমানকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। এদিকে অলঙ্কার মোড় থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর অবরোধকারীদের আরেকটি অংশ বেলা ১১টার দিকে সিটি গেট এলাকায় অবরোধ করে। অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, অবরোধকারীদের গুলিতে দুই পুলিশ আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়েছে। অবরোধে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক ছিল। রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম থেকে সব ট্রেন ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে চট্টগ্রাম ছাড়ে।

ককটেল বিস্ফোরণ: চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় লক্ষ্য করে গতকাল শনিবার রাত সাড়ে নয়টায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। প্রায় একই সময়ে পাঁচলাইশ থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফ বলেন, চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাচ্ছে।