চট্টগ্রামে অবরোধে আটক ৩, রেল চলাচলে বাধা
অবরোধের দ্বিতীয় দিনে গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের পুরোনো চান্দগাঁও থানা এলাকায় গাড়ি ভাঙচুরের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া সকালে নগরের এ কে খান ইস্পাহানি রেলগেট এলাকায় অবরোধ করা হলে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।
অবরোধের পাশাপাশি নগর বিএনপি গতকাল চট্টগ্রামে হরতালও আহ্বান করেছিল। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়েছিল।
জানা গেছে, অবরোধ ও হরতাল চলাকালে সকালে নগরের পুরোনো চান্দগাঁও থানা এলাকায় অবরোধকারীরা দু-তিনটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় পুলিশ গিয়ে তাঁদের বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় অবরোধকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ।
এদিকে সকাল নয়টা থেকে অবরোধকারীরা নগরের এ কে খান মোড় এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ইস্পাহানি রেলগেট এলাকায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে চট্টগ্রাম থেকে সকাল নয়টায় ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস পাহাড়তলী এলাকায় আটকে যায়।
পরে অবরোধকারীদের তুলে দিলে দুপুর সোয়া ১২টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে চলে যায় বলে রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
এর আগে লাইনের ওপর কাগজ ও টায়ার জ্বালিয়ে দেওয়া আগুন নিভিয়ে ফেলা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘সকালে অবরোধকারীরা এ কে খান মোড়ে অবস্থান নিয়ে রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে আমরা তাদের সেখান থেকে তুলে দিই।’