চট্টগ্রামে অবরোধে তেমন সাড়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের লাগাতার অবরোধের তৃতীয় দিনে চট্টগ্রামে গণপরিবহন, ব্যক্তিগত গাড়িসহ সবকিছুই স্বাভাবিক নিয়মে চলাচল করছে। চলছে না কেবল দূরপাল্লার বাস। এ কারণে আন্তজেলা যোগাযোগব্যবস্থা দুরূহ হয়ে পড়েছে।
লাগাতার অবরোধের তৃতীয় দিন গতকাল শুক্রবার নগরজীবনে কোনো প্রভাব পড়েনি। গণপরিবহন চলাচল করেছে। খোলা ছিল দোকানপাট আর বিপণিবিতানগুলো। সাপ্তাহিক ছুটির দিন থাকায় গতকাল অবশ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
গতকাল প্রায় সব কটি ট্রেন দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছে। সূচি লন্ডভন্ড হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। তবে রেল যোগাযোগ নেই এমন জেলার বাসিন্দারা অনেকটা অবরুদ্ধ। কারণ, অবরোধের মধ্যে দূরপাল্লার বাস যোগাযোগ নেই বললেই চলে। তবে লোকাল বাস ও গণপরিবহন চলাচল করছে।
গাড়িভাড়া ৫০ থেকে ১০০ শতাংশ বেশি আদায় করছেন পরিবহন শ্রমিকেরা। বিশেষ করে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ও চট্টগ্রাম-মিরসরাই সড়কে গণপরিবহনের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
এদিকে অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও ১৮-দলীয় জোটের কোনো নেতা-কর্মীকে গতকাল রাজপথে নামতে দেখা যায়নি। কর্মসূচির সমর্থনে কেউ পিকেটিং বা মিছিল-সমাবেশ করেনি। বিশেষ করে জ্যেষ্ঠ নেতারা গা ঢাকা দেওয়ায় এমনটি হয়েছে বলে মনে করছেন মাঠ পর্যায়ের কর্মীরা। তাই রাজপথে নেমে কেউ আর ঝুঁকি নিতে রাজি নন।
নগর যুবদলের একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘পুলিশ আমাদের রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। এই মুহূর্তে কোনো অঘটন ঘটলে কঠিন ধারায় মামলা দিয়ে আমাদের জেলে পাঠানোর আশঙ্কা রয়েছে। তাই বাসাবাড়িতে থাকাটাই আমাদের জন্য নিরাপদ।’