চট্টগ্রামে অবৈধ গ্যাস লাইন অপসারণ
চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার ফুট লম্বা অবৈধ গ্যাস লাইন অপসারণ করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ওই গ্যাস লাইন থেকে ৪০টি আবাসিক সংযোগ দেওয়া হয়েছিল। অভিযানে সেগুলোও বিচ্ছিন্ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কর্ণফুলী গ্যাসের এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। এ সময় কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপক হাসান সোহরাব, শামসুল করিম, আমিনুর রহমান ও আবদুল কাদের উপস্থিত ছিলেন।
কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপক হাসান সোহরাব বলেন, দুই ইঞ্চি ব্যাসের পাইপলাইন দিয়ে গ্যাসের মূল লাইন থেকে অবৈধ সংযোগ টানা হয়েছিল। এন জেড শরীফ ও মো. জাহিদ নামের দুজন স্থানীয় ব্যক্তি এ অবৈধ সংযোগের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। অভিযানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। সে কারণে ম্যাজিস্ট্রেট তাঁদের কোনো দণ্ড দিতে পারেননি। এই দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।