চট্টগ্রামে অবৈধ দুটি পানির কারখানা বন্ধ
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন নন্দনকানন এলাকায় বিএসটিআইর সনদ ছাড়া পরিচালিত বোতলজাত পানির দুটি কারখানা বন্ধ করে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।গতকাল সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়। জয়নাল আবেদিন প্রথম আলোকে জানান, বিএসটিআইর সনদ ছাড়াই নন্দনকাননে ব্র্যান্ড নেক্সাস সিটিজি ড্রিংকিং অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ এবং এসবি ফুডস বেভারেজ লিমিটেড নামের কারখানা দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানা দুটির মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।এদিকে ভ্রাম্যমাণ আদালত নগরের দক্ষিণ বাকলিয়ার মিয়াখাননগরে সড়কের ওপর মালামাল রেখে জন চলাচলে বাধার সৃষ্টি করায় জাহিদ স্টিল ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেন। রাস্তার ইট-বালি রাখায় মো. ইসহাক নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।