চট্টগ্রামে অবৈধ নার্সারি গুড়িয়ে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এমএম আলী সড়ক ও সিডিএ এভিনিউয়ের সংযোগস্থল দামপাড়ায় অবস্থিত এমএম আলী নার্সারি উচ্ছেদ করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নার্সারিটি গুঁড়িয়ে দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী মো. আবদুর রহমান বলেন, নার্সারিটি সিটি করপোরেশন সনত বড়ুয়া নামের এক ব্যক্তিকে ইজারা দিয়েছিল। গত জুন মাসে ইজারার সময়সীমা শেষ হয়। এরপর নার্সারির মালিককে সরে যাওয়ার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়। কিন্তু তাঁরা তাতে কর্ণপাত না করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, সেখানে এখন সিটি করপোরেশন সড়ক সম্প্রসারণ করবে। এদিকে, মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে পাউরুটি ও বিস্কুট তৈরির অভিযোগে কোয়ালিটি ফুড প্রোডাক্টস নামের একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত মেয়াদোত্তীর্ণ মারজারিন, দূষিত বিভিন্ন ধরনের রংও জব্দ করেন। এসব দ্রব্যের মূল্য প্রায় ১০ হাজার টাকা বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. আবদুর রহমান জানান।