চট্টগ্রামে অবৈধ পশুর হাট বন্ধে সক্রিয় থাকবেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, এবার নগর ও জেলায় কোনো অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না। অবৈধ হাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
সভায় উপস্থিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম বলেন, দুর্গাপূজায় একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াতে পারে। গুজবে কান না দিয়ে যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘কেউ আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না।’
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদ, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ, চট্টগ্রামের বিভিন্ন উপজেলার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এদিকে গবাদিপশু, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং কোরবানির পশুর হাটের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গতকাল চট্টগ্রাম মহানগর পুলিশ মতবিনিময় সভা করেছে। পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার সুনির্দিষ্ট তথ্য ছাড়া পশুবাহী ট্রাক বা গাড়ি না থামানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। অতিরিক্ত টাকা বহনের ক্ষেত্রে পুলিশি সহায়তা এবং প্রয়োজনে ব্যবসায়ীরা থানায় জিডি করে টাকা রাখতে পারবেন বলেও তিনি জানান।
পুলিশ কমিশনার বলেন, নগরে অনুমোদিত ১০টি পশুর হাট রয়েছে। রাস্তার ওপরে কোনো অবস্থাতেই হাট বসানো যাবে না।
সভায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সালেহ মোহাম্মদ তানভীর, চামড়া ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, হাট ইজারাদারেরাসহ ১৬ থানার ওসিরা উপস্থিত ছিলেন।