চট্টগ্রাম নগরের আগ্রাবাদ আবাসিক এলাকার ভেতরে সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা নালার পাড় বাজার উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাজারের দোকান, বস্তিসহ অন্তত এক শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিন যুগ আগে অবৈধ এ বাজার গড়ে তোলা হয় বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, আগ্রাবাদ আবাসিক এলাকা ও এক্সেস সড়কের মধ্যে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একটি সংযোগ সড়কের নির্মাণকাজ চলছে। এই সড়কের জায়গা দখল করে বাজারটি গড়ে উঠেছে। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে থাকলেও অবৈধ বাজারটির কারণে কাজ করা সম্ভব হচ্ছিল না। চার মাস আগে পৌনে এক কিলোমিটার দৈর্ঘ্য ও ৪০ ফুট চওড়া এই সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
গতকালের অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। এ সময় সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা দেন নগর পুলিশের সদস্যরা।
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে করপোরেশনের একটি ক্রেন ব্যবহার করা হয়। এ কাজে ৩০ জন শ্রমিকও নিয়োজিত ছিলেন। অভিযানে প্রায় ৫০টি দোকান ও ৫০টি বসতি উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, সড়কের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে নতুন সড়কের নির্মাণকাজে ব্যাঘাত হচ্ছে। তাই অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।