চট্টগ্রামে অবৈধ বিল বোর্ড চিহ্নিত করতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বৈধ-অবৈধ বিল বোর্ড চিহ্নিত করার জন্য ১০ সদস্যের জরিপ (সার্ভে) কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের এই জরিপ কার্যক্রম আগামীকাল বুধবার থেকে শুরু হবে। জরিপ শেষে অবৈধ বিল বোর্ডগুলো অপসারণ করা হবে। 

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলমের সঙ্গে বিজ্ঞাপনী সংস্থা, মালিক সমিতির কর্মকর্তা ও সদস্যদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ সদস্যের জরিপ কমিটিতে করপোরেশনের পাঁচজন ও বিজ্ঞাপনী সংস্থার পাঁচজন সদস্য থাকবেন।
এ ছাড়া বৈঠকে নগরের ফুটপাতে স্থাপন করা অবৈধ বিলবোর্ড অপসারণ, বৈধ বিল বোর্ডে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানার স্টিকার লাগানো এবং তিন কার্যদিবসের মধ্যে করপোরেশনের পাওনা বিজ্ঞাপন কর পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, রাজস্ব কর্মকর্তা সামসুল আলম, বিজ্ঞাপনী সংস্থার প্রধান উপদেষ্টা মহিউদ্দিন বাচ্চু, সভাপতি ফরিদ মাহমুদ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও সদস্য আরশাদুল আলম।
সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম বলেন, ‘চট্টগ্রাম নগরে বিজ্ঞাপন নীতিমালার বাইরে কোনো বিলবোর্ড থাকবে না। কয়েকটি অবৈধ বিল বোর্ডের কারণে সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেওয়া যাবে না। বিজ্ঞাপনী সংস্থার মালিক সমিতি আন্তরিক হলে নগরের সৌন্দর্য রক্ষায় সিটি করপোরেশন সফল হবে।’