চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদে 'ক্র্যাশ প্রোগ্রাম'
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের খাল-নালা ও সড়ক-ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে তিন মাসের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করবে। একই সঙ্গে অবৈধ বিলবোর্ড, তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ডও অপসারণ করা হবে। চট্টগ্রামকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত সিটি করপোরেশনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনায় জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের সহযোগিতা নেওয়া হবে। এ ছাড়া নগরকে যানজট মুক্ত করার জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় বৈঠকের মাধ্যমে যত্রতত্র পার্কিং ও হাট-বাজার বসা বন্ধ করা হবে।
সভা সূত্র জানায়, এবার নগরের নালা ও খাল খনন ও মাটি উত্তোলনের জন্য ঠিকাদারদের দায়িত্ব দেওয়া হবে। তাঁদের নিয়োগ করা হবে দরপত্রের মাধ্যমে। অন্যান্য বার সিটি করপোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালনা করত।
সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, নগরের খাল ও নালা-নর্দমা খননে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নগরের জলাবদ্ধতা নিরসনে আগামী ১৫ দিনের মধ্যে খাল ও নালা খননের কাজ শুরু হবে।
এদিকে আজকের সাধারণ সভায় সংরক্ষিত কাউন্সিলররা জন্ম নিবন্ধন সনদ দেওয়ার ক্ষমতা চান। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের পাশাপাশি আমাদেরও জন্ম নিবন্ধন সনদ দেওয়ার জন্য সভায় দাবি জানাই।’
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সিটি করপোরেশনের আয় বাড়ানোর জন্য অব্যবহৃত ও দখল হওয়া জায়গা উদ্ধার করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। এ ছাড়া নগরের অবৈধ দখলে থাকা খালের জায়গা চিহ্নিত করার জন্য ডিজিটাল সার্ভে করা হবে। এই সার্ভে প্রতিবেদন পাওয়ার পর উচ্ছেদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।