চট্টগ্রামে অভিজাত বাজারে ফরমালিনযুক্ত মাছ
তাজা ও দূষণমুক্ত মাছ-মাংস কেনার জন্য চট্টগ্রামের বিত্তশালী ও শৌখিন ক্রেতারা নিয়মিত কাজির দেউরির কাঁচাবাজারে কেনাকাটা করে থাকেন। কিন্তু সেই বাজারে সব ধরনের সামুদ্রিক মাছই ফরমালিনে ভরা। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে বিষয়টি ধরা পড়ে। এসব সামুদ্রিক মাছের মধ্যে ছিল লইট্যা ও পোপা মাছ। ভ্রাম্যমাণ আদালত ফরমালিনযুক্ত মাছ বিক্রির অভিযোগে মোহাম্মদ এরশাদ নামের এক বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী হামিক জয়নাল আবদিন আদালতের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ফরমালিনযুক্ত মাছ পাশের বর্জ্যাধারে ফেলে দেওয়া হয়। এ ছাড়া মাংসবিহীন দিবসে পশু জবাই ও বিক্রির অপরাধে চার মাংসবিক্রেতাকে জরিমানা করা হয়। তাঁদের নাম মোশাররফ হোসেন, মোহাম্মদ বাবর, মোহাম্মদ রফিক ও আবদুর রাজ্জাক। এর মধ্যে প্রথম তিনজনকে পাঁচ হাজার টাকা করে এবং অপরজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে নূর আহমদ সড়কের ইয়াছমিন প্লাজায় অবস্থিত ভারতীয় আয়ুর্বেদীয় ঔষধালয় নামের একটি দোকানের বিরুদ্ধে যত্রতত্র যৌন-উত্তেজক ওষুধের প্রচারপত্র লাগানোর অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথ সনদ না থাকা সত্ত্বেও জনসাধারণকে চিকিৎসার নামে প্রতারণা করায় ভোক্তা অধিকার আইনের আওতায় ওই প্রতিষ্ঠানকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরে হালিশহর সুন্দরীপাড়ায় পিউরিটি ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে অনুমোদনহীনভাবে পানি বাজারজাতের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালে বিএসটিআই, র্যাব-৭, পুলিশ সদস্য ও স্বাস্থ্য পরিদর্শক হাকিমকে সহায়তা করেন।