চট্টগ্রামে অভিযানে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাসুদ হেলালি ও দেউদীঘি এলাকার শিবিরের ক্যাডার জসিম গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল রাতে পৃথক অভিযানে গুলিবিদ্ধ শিবিরের তিন ক্যাডারসহ সাতজন গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি টানা পাঁচ-ছয় দিনের সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রাতে ওই নয়জনকে গ্রেপ্তার করে। মাসুদ হেলালির বিরুদ্ধে সহিংস ঘটনায় নেতৃত্ব দেওয়া এবং জসিমের বিরুদ্ধে রাস্তার দুপাশে শত শত সরকারি গাছ কেটে সড়ক অবরোধের অভিযোগ আনা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ জামায়াতের নেতা গ্রেপ্তার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে জেলা পুলিশ গতকাল রাতে নগরের খতিবের হাট এলাকার একটি হাসপাতাল থেকে শিবিরের গুলিবিদ্ধ তিন ক্যাডারকে গ্রেপ্তার করেছে। তাঁদের চট্টগ্রাম মেডিকেলের ২৬ নম্বর ওয়ার্ডে পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এই তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের একজনের নাম সাদ্দাম, অন্যজন হলেন সেকান্দর। অন্যরা হলেন দিদার, গুরা মনা, মো. ইয়াসিন ও মোহাম্মদ হোসেন। এঁরা গত বৃহস্পতিবার আওয়ামী লীগের মিছিলে হামলায় জড়িত বলে পুলিশ জানায়।জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, খতিবের হাট এলাকার ডেন্টাল হাসপাতালটি জামায়াতের অর্থে পরিচালিত। নগরের ন্যাশনাল হাসপাতালের জামায়াত-সমর্থক কিছু চিকিৎসক এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন বলে জানা গেছে। সেখানে গোপনে শিবিরের গুলিবিদ্ধ ক্যাডারদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।