চট্টগ্রামে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ
দেশের দুই পুঁজিবাজারে লাগামহীন দরপতন এবং অর্থমন্ত্রীর হতাশাজনক বক্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা। তাঁরা অবিলম্বে পুঁজিবাজারের আস্থা ও তারল্যসংকট মোকাবিলায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের ডবলমুরিং থানার টহল পুলিশ পরিদর্শক মুন্সি হাফিজুর রহমান। প্রত্যক্ষদর্শী ও বিনিয়োগকারীদের সূত্রে জানা যায়, বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চট্টগ্রাম (আইএফসি) বেলা দুইটায় নগরের আগ্রাবাদে সিইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আইএফসির যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম, মো. সাহেদ, মো. সুলতান, মো. আবদুর রহিম প্রমুখ।সমাবেশে বক্তারা অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ব্যর্থতা এবং অযোগ্যতার কারণে আট মাস আগে থেকেই তাঁর পদত্যাগ দাবি করে আসছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।বিনিয়োগকারীরা অভিযোগ করেন, তথাকথিত কিছু মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসের অসাধু লোকজন শেয়ার বিক্রি করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। তাঁরা অবিলম্বে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে বিনিয়োগকারীরা আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেন।