চট্টগ্রামে অর্থাভাবে অটোরিকশার তথ্য হালনাগাদের কাজ বন্ধ
চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশার তথ্যভান্ডার হালনাগাদের কাজ অর্থাভাবে বন্ধ হয়ে গেছে। প্রায় তিন মাস আগে কাজ বন্ধ হলেও হালনাগাদকারী বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি। নগরে চলাচলকারী প্রায় ১৩ হাজার অটোরিকশার মধ্যে আট হাজারের তথ্য হালনাগাদ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সূত্র জানায়, ২০০৮ সালে নগরে সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিকদের বিস্তারিত তথ্য নিয়ে প্রথম তথ্যভান্ডার তৈরির কাজ শুরু করে নগর পুলিশের যানবাহন (ট্রাফিক) বিভাগ। ২০০৯ সালে প্রায় নয় হাজার অটোরিকশার তথ্য সংগ্রহের পর তথ্যভান্ডারের কাজ শেষ হয়।সিএমপি সূত্র জানায়, ২০১১ সালে তথ্যভান্ডার হালনাগাদের কাজ শুরু করে সিএমপি। গত বছরের অক্টোবরে কাজ শুরুর পর এই বছরের জুলাই পর্যন্ত কাজ চলে। এরপর হালনাগাদকারী বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। জানতে চাইলে সিএমপির উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘হালনাগাদকারী প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর প্রায় তিন মাস ধরে কাজ বন্ধ ছিল। এর আগে আট হাজার সিএনজির তথ্য হালনাগাদ করা হয়। বেসরকারি প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলাপ চলছে। পাশাপাশি আমরা অর্থ সংগ্রহের চেষ্টা করছি। নতুন করে চুক্তি হলে আবার হালনাগাদের কাজ শুরু হবে।’সিএমপি সূত্র জানায়, সিএনজি অটোরিকশা ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং অটোরিকশা চুরি ঠেকাতে চালক ও মালিকদের তথ্য অত্যন্ত জরুরি। হালনাগাদের জন্য একটি আবেদন ফরমের মাধ্যমে মালিকের নাম, ঠিকানা, মুঠোফোন নম্বর, ইঞ্জিন ও চেসিস নম্বর ও সর্বশেষ চালক হিসেবে নিয়োজিত ব্যক্তির নামসহ বিস্তারিত তথ্য জানাতে হয়। সিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার তারেক আহম্মেদ প্রথম আলোকে বলেন, অটোরিকশা এবং চালক-মালিকের তথ্য খুব জরুরি। কারণ বিভিন্ন সময় মালিক ও চালক পরিবর্তন হয়। তাই পুরোনো তথ্য অনুসরণ করে অপরাধী শনাক্ত করা সম্ভব হয় না। তথ্যভান্ডার হালনাগাদের কাজ শেষ হলে শুধু অটোরিকশার নম্বরের মাধ্যমে যাবতীয় তথ্য জানা যাবে।চট্টগ্রাম মহানগর অটোরিকশা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আজম চৌধুরী প্রথম আলোকে বলেন, তথ্যভান্ডার হালনাগাদের পর কোনো অটোরিকশা চুরি হলে দ্রুত যাবতীয় তথ্য জানা যাবে। পাশাপাশি অটোরিকশা ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজে ব্যবস্থা নিতে পারবে।পুলিশ সূত্র জানায়, নগরে ছিনতাই ও মাদক পরিবহনসহ বিভিন্ন অপরাধ কাজে ব্যবহার হয় সিএনজিচালিত অটোরিকশা। এ কারণে অটোরিকশার তথ্যভান্ডার হালনাগাদের কাজ শুরু করে নগর পুলিশ।