চট্টগ্রামে অস্ত্র আইনে যুবকের ১৭ বছর কারাদণ্ড
অস্ত্র আইনে দায়ের করা মামলায় চট্টগ্রামে মোহাম্মদ সেলিম (৩৫) নামের এক ব্যক্তিকে পৃথক দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার চট্টগ্রামের পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। দণ্ডিত আসামি সেলিমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে। তাঁর পরিবার নগরের লালখান বাজারের কুসুমবাগ এলাকার ভাড়া বাসায় থাকে।
সূত্র জানায়, ২০০০ সালের ৪ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে একটি মাইক্রোবাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় জনতা মাইক্রোবাসটি আটক করে ওই গাড়ির যাত্রী মোহাম্মদ সেলিমকে পিটুনি দেয়। ওই সময় ক্ষুব্ধ জনতা সেলিমের কোমরে থাকা নয়টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এরপর সেলিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সূত্র জানায়, পুলিশ বিষয়টি তদন্ত করে জানতে পারে যে আটক সেলিম তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি ট্যারা সেলিম নামেও পরিচিত। এ ঘটনায় পাঁচলাইশ থানার তৎকালীন এসআই পরেশ চন্দ্র কারবারী সেলিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।