চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১২
চট্টগ্রামে এক কেব্ল অপারেটরের কার্যালয় থেকে গত শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা বড়িসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, পাহাড়তলী থানার সরাইপাড়া মাল্টিভিশন টিভি নেটওয়ার্ক কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ কার্যালয়ের ফাইল কেবিনেট থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনভর্তি চারটি গুলি উদ্ধার করে। খোরশেদ পুলিশের কাছে স্বীকার করেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র তাঁর মালিক মাহবুব আলমের।
পুলিশ জানায়, সরাইপাড়ায় চার কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া করে মাল্টিভিশন টিভি নেটওয়ার্কের কার্যালয় করা হয়। ফ্ল্যাটের একটি কক্ষে যন্ত্রপাতি রাখা হয়। দুটি কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি কক্ষে বসত মাদকের আসর। ওই কক্ষ থেকে ইয়াবা সেবনের সময় শুক্রবার রাতে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে ১১৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশ পশ্চিমাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান বলেন, জব্দ হওয়া অস্ত্র ও গুলির মালিক মাহবুব আলম। তিনি পলাতক।