চট্টগ্রামে অস্ত্র ও গাড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকারি মাদক বিক্রেতাসহ সাতজনকে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি নোহা মাইক্রোবাস, একটি পিস্তল, একটি এয়ারগান, প্রায় দুই লাখ টাকা, ১২ কেজি গাঁজা, পাঁচটি গাড়ির নম্বরপ্লেট এবং গাড়িতে ব্যবহূত পাঁচটি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। নগরের চান্দগাঁও থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের সূত্র ধরে পুলিশ এই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া সাতজন হলেন শামীম সর্দার ও শামীমের স্ত্রী চম্পা, লুৎফুর রহমান, ফারুক, মোমিন মিয়া, আল আমিন এবং জাহাঙ্গীর আলম।এর আগে গত বৃহস্পতিবার বিকেলে চান্দগাঁও এলাকায় পুলিশ একটি পরিত্যক্ত প্রাইভেট কার তল্লাশি করে সাত হাজার ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করে। এই গাড়ির সূত্র ধরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। অভিযানের বর্ণনা দিয়ে চট্টগ্রাম নগরের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রথমে লুৎফরকে একটি অস্ত্রসহ চান্দগাঁও আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করি।’ তিনি আরও বলেন, এই ঘটনার মূল হোতা হলেন শামীম সর্দার, যার গ্রামের বাড়ি বরিশাল এলাকায়। এই শামীম টেকনাফ থেকে ইয়াবা বড়ি এনে সারা দেশে সরবরাহ করে আসছিলেন। পুলিশ সূত্র জানায়, শামীম সর্দার ২০০৯ সালে মোটরসাইকেল চুরির মামলায় জেল খেটেছেন। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। কারাগার থেকে বেরিয়ে তিনি মাদক ব্যবসায় হাত দেন। বিশেষ করে টেকনাফ থেকে পাইকারি দরে ইয়াবা বড়ি এনে চট্টগ্রামসহ সারা দেশে সরবরাহ করে আসছিলেন তিনি। এ জন্য তিনি চট্টগ্রাম নগরে তিনটি আবাসিক ফ্ল্যাট ভাড়া নেন। আর মাদক পরিবহনের জন্য একটি নোহা মাইক্রোবাস ও দুটি প্রাইভেট কার ব্যবহার করে আসছিলেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল বণিক বলেন, শামীম কেবল মাদক নয়, অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ছাড়া তিনি চোরাই গাড়ির রমরমা ব্যবসা করে আসছিলেন। শামীম গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান।