চট্টগ্রামে অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড
চট্টগ্রামে অস্ত্র আইনে করা মামলায় দুই আসামিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১১-এর বিচারক ও পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত দুই আসামি হলেন বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের বাসিন্দা সুরঞ্জিত দত্ত এবং নগরের ঘাটফরহাদবেগের বাসিন্দা মোহাম্মদ সুমন। সুরঞ্জিতকে ১০ বছর এবং সুমনকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। বেআইনিভাবে অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করা হয়। আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে নগরের টেরিবাজার এলাকা থেকে একটি বিদেশি বন্দুক, একটি ছোরাসহ সুরঞ্জিত ও সুমনকে পুলিশ গ্রেপ্তার করে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁরা টেরিবাজার এলাকায় অপেক্ষা করছিলেন বলে তদন্তে সূত্রে জানা গেছে।