চট্টগ্রামে অস্ত্রশস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর গোয়েন্দা ও খুলশী থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর লালখান বাজার টাংকির পাহাড় এলাকায় দুই বাড়িতে ডাকাতির অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার ভাটিয়ারী ও নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ছয় ডাকাত হলেন: মো. আনোয়ার হোসেন (২৫), মো. সেলিম (৩২), মো. শফি আলম (৩০), আবুল কালাম ওরফে আলমগীর (৪০), জামাল হোসেন (৩০) ও মোহাম্মদ হোসেন ওরফে আলী (৩৫)। আসামিদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহূত একটি অটোরিকশা, একটি এলজি, একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও নয়টি কার্তুজ উদ্ধার করা হয়। তবে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা যায়নি। স্থানীয় সূত্র জানায়, ২ সেপ্টেম্বর টাংকির পাহাড় এলাকায় দুই বাড়িতে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ সাড়ে ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) মো. তারেক আহম্মেদ বলেন, ‘আনোয়ার হোসেন নামের এক ডাকাতকে সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়। তারা টাংকির পাহাড়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও মামলা থাকতে পারে।’ পুলিশ জানায়, ভাটিয়ারীর বানুর বাজার এলাকা থেকে ডাকাত দলের সদস্য মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে শহরতলির পাহাড়তলী থানাধীন এ কে খান রেলগেট এলাকা থেকে মো. শফি আলম ও আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। পরে খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকা থেকে ডাকাত দলের সদস্য জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির ঘটনায় ব্যবহূত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। জামালকে জিজ্ঞাসাবাদকালে তাঁর স্বীকারোক্তিমতে ডাকাত দলের অন্যতম সদস্য মোহাম্মদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ হোসেনের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ছয়জনকেই রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ জানান।