চট্টগ্রামে অস্ত্রসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রামে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. মফিজ আলম (৩২) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। মফিজ অস্ত্র ব্যবসায় জড়িত বলে পুলিশ দাবি করেছে। কোতোয়ালি থানার চট্টেশ্বরী রোড থেকে গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তারের পর গতকাল বুধবার দুপুরে পুলিশ তাঁকে সাংবাদিকদের সামনে হাজির করে। পুলিশ জানিয়েছে, মফিজের কাছে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় বন্দুক এবং পাঁচটি বন্দুকের গুলি পাওয়া গেছে। পুলিশ হেফাজতে থাকা মফিজ সাংবাদিকদের জানান, অস্ত্রগুলো নগরের নাছিরাবাদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের কর্মী পরিচয়দানকারী মোহাম্মদ বাবুল ও জাকির হোসেনের। জাকির ও বাবুল রাজনীতির আড়ালে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেন। তবে গ্রেপ্তার অভিযানে নেতৃত্বদানকারী কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বলেন, ‘জাকির, বাবুল ও মফিজ পরস্পরের সহযোগী। বাবুল অস্ত্র সংগ্রহ করে মফিজকে দেওয়ার পর মফিজ নির্দিষ্ট ক্রেতার কাছে অস্ত্র পৌঁছে দিত।’ পুলিশ ক্রেতা সেজে এসব অস্ত্র উদ্ধার করে বলে তিনি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের এক সোর্স ক্রেতা সেজে বাবুলের সঙ্গে অস্ত্র কেনার জন্য যোগাযোগ করে। অস্ত্র হস্তান্তরের স্থান ঠিক করা হয় চট্টেশ্বরী রোডের চিটাগং গ্রামার স্কুলের সামনে। এ অনুযায়ী মঙ্গলবার দুপুরে বাবুল মফিজকে ফোন করে ওই এলাকায় অস্ত্রগুলো নিয়ে যেতে বলেন। মফিজ ব্যাগে ভরে অস্ত্র নিয়ে স্কুলের সামনে পৌঁছার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, মফিজের বিরুদ্ধে মামলা হয়েছে।