চট্টগ্রামে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত শুক্রবার আগ্নেয়াস্ত্রসহ ডাকাতসর্দার শাহ আলম (৩৪) ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, ওই দুই ব্যক্তি সম্প্রতি নগরে সংঘটিত কয়েকটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।শাহ আলমের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাইল্যাকান্দি গ্রামে। আর গ্রেপ্তার হওয়া তাঁর সহযোগী মো. ইউসুফ ওরফে ইলিয়াছের (৩০) বাড়ি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামে।নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, শুক্রবার ভোরে স্টেশন রোড থেকে ডাকাতসর্দার শাহ আলম এবং তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে চান্দগাঁওয়ের বরিশাল কলোনির আলকাছ মিয়ার বিল্ডিংয়ের নিজ বাসা থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, শাহ আলম অস্ত্র সরবরাহকারী। এ ছাড়া কে কোন ব্যাংক থেকে টাকা তুলছেন, তাঁর কাছে এসব তথ্য থাকে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস খান জানান, পুলিশ ইউসুফের বাসা থেকে তিনটি দেশীয় বন্দুক, পাঁচটি বন্দুকের কার্তুজ ও তিনটি চাপাতি উদ্ধার করেছে। শাহ আলম তাঁর কাছে এসব অস্ত্র জমা রেখেছিল। তিনি জানান, ইউসুফের বিরুদ্ধে চারটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। সে একটি অস্ত্র মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।