চট্টগ্রামে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাত সাড়ে ১১টায় পটিয়ায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সিএনজিচালিত অটোরিকশায় করে ডাকাত দলের আরও দুই সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলেন: মো. এরশাদ (২৩), মো. ইব্রাহিম (২৩) ও সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আবদুর রহিম (২২)। তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের দেহ তল্লাশি করে একটি গুলিসহ দুটি এলজি উদ্ধার করা হয়। র‌্যাব সূত্র জানায়, গত বুধবার রাতে সিএনজিচালিত দুটি অটোরিকশায় করে সশস্ত্র ডাকাতেরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মীর সুপার মার্কেটের বিপরীত পাশে আনু মিয়া চেয়ারম্যানের মাংসের দোকান এলাকা পার হচ্ছিল। ওত পেতে থাকা র‌্যাব সদস্যরা একটি অটোরিকশা আটক করতে সক্ষম হন। অন্যটি দ্রুত গতিতে পালিয়ে যায়। ওই গাড়িতে দুই ডাকাত ছিলেন। যাঁদের মধ্যে একজন মো. ইউসুফ (২৫) ও অন্যজন মনু মিয়া (২২) বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল করিম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘অভিযানের সময় আরও দুই ডাকাত পালিয়ে গেছে, যাদের নাম-ঠিকানা আমরা পেয়েছি। এরা আসলে আন্তজেলা জেলা ডাকাত দলের সদস্য। চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় এরা ডাকাতি করে আসছিল। গ্রেপ্তার হওয়ার পর তিন ডাকাতকে পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’