পাইলসের অস্ত্রোপচার করে শরীরে সুচ (নিডল) রেখে দেওয়ার অভিযোগে চট্টগ্রামে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার মহানগর হাকিম আলী মনসুরের আদালতে দেলোয়ারা বেগম নামের এক নারী বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর অভিযোগ সরাসরি মামলা হিসেবে গণ্য করে ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। অভিযুক্ত দুই চিকিৎসক হলেন মো. সুরমান আলী ও জি এম জাকির হোসেন।মামলার আরজিতে বলা হয়, গত ৩০ মে নগরের একটি ক্লিনিকে বাদীর ছেলে বিবিএ শিক্ষার্থী আমিনুল ইসলামের পাইলসের অস্ত্রোপচার করার সময় সুরমান আলী শরীরে নিডল রেখে দেন। পরে নিডলের কারণে তাঁর নিতম্বে পুঁচ জমতে থাকে। পরে চিকিৎসক জাকির হোসেন ও সুরমান আলী পুনরায় অস্ত্রোপচার করে তাঁর নিতম্বের মাংস কেটেও সুচটি বের করতে পারেননি। পরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে সুচটি বের করা হয়। নিতম্বের মাংস ফেলে দেওয়ার কারণে আমিনুল ইসলামের জীবন শঙ্কার মধ্যে পড়ে। তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। দেলোয়ারা বেগম বলেন, ‘আমার ২৫ লাখ টাকা খরচ হয়েছে এ পর্যন্ত। আমি এই ধরনের চিকিৎসকদের বিচার চাই। সমঝোতা করার কথা বলে তারা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় আসেনি। তাই মামলা করতে দেরি হয়।’বাদীপক্ষে মামলা পরিচালনা করেন রানা দাশগুপ্ত। তিনি বলেন, ‘এটা একটি ফৌজদারি অপরাধ। তাই বিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানাকে আদালত নির্দেশ দিয়েছেন।’ গত ১৭ জুলাই আমিনুল ইসলামের ভুল চিকিৎসার এই খবর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘জীবনশঙ্কায় এক যুবক’ শিরোনামে ছাপা হয়েছিল।