চট্টগ্রামে অ্যানথ্রাক্স সন্দেহে আরও একজনের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানথ্রাক্সে আক্রান্ত সন্দেহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার আরেক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। অ্যানথ্রাক্স পরীক্ষার জন্য তাঁকে একটি রোগনির্ণয় কেন্দ্রে পাঠানো হয়েছে। তাঁর নাম জানা যায়নি। অ্যানথ্রাক্সের প্রাথমিক চিকিৎসা দেওয়া কিশোর ওয়াসিমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল তাকে চর্ম ও যৌনরোগ বিভাগে চিকিৎসা দেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা চর্মরোগ বিশেষজ্ঞ রোখসানা হক বলেন, ‘ওয়াসিমকে শুক্রবার জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে শনিবার চর্মরোগ বিভাগে আনা হলে তাকে অ্যানথ্রাক্সে আক্রান্ত মনে হয়নি। তাই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: গত ১৭ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘চট্টগ্রামে অ্যানথ্রাক্স’ শীর্ষক সংবাদের একটি অংশের প্রতিবাদ করেছেন ভূঁইয়া ডেইরি ফার্মের মালিক নাঈম উদ্দিন। প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘গত ১৯ আগস্ট ভূঁইয়া ফার্মে মারা যাওয়া গরুটিতে অ্যানথ্রাক্স ছিল বলে ধারণা করা হচ্ছে’ মর্মে যে খবর ছাপা হয়, তা সঠিক নয়। ওই গরুতে অ্যানথ্রাক্সের লক্ষণ ছিল না। অথচ এ খবরের ফলে ওই খামার থেকে লোকজন দুধ নিচ্ছে না। তিনি দাবি করেন, আতিকুর রহমান নামের যে যুবক অ্যানথ্রাক্সে আক্রান্ত হন, তিনি গরু মারা যাওয়ার দিন পর্যন্ত ওই খামারে চাকরিতে ছিলেন না।