চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতালের তথ্য কেন্দ্র চালু
চট্টগ্রামের সিডিএ এভিনিউতে চালু হয়েছে অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের তথ্যকেন্দ্র। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতালের স্বাস্থ্যসেবা সহযোগী প্রতিষ্ঠান এশিয়ান ট্যুরিজম ইন্টারন্যাশনাল।সংবাদ সম্মেলনে বলা হয়, তথ্যকেন্দ্রের মাধ্যমে অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের বিভিন্ন চিকিৎসা-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়ার ক্ষেত্রে সহজে ভিসা পাওয়া, বিমানের টিকিট ও কম খরচে থাকার ব্যবস্থা নিশ্চিত করা হবে। চট্টগ্রামের কোনো রোগী যদি চিকিৎসা চলাকালে আর্থিক সংকটে পড়েন, তবে সে জন্য যেন তাঁর চিকিৎসাসেবা ব্যাহত না হয়, সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হবে তথ্যকেন্দ্রের মাধ্যমে। আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রামে টেলিমেডিসিন-ব্যবস্থা চালু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এশিয়ান ট্যুরিজম ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মারুফ আজাদ। তথ্যসেবা কেন্দ্রের কার্যক্রম তুলে ধরেন অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের উপমহাব্যবস্থাপক যিথু জোস ও অ্যাপোলো হাসপাতাল ঢাকা তথ্যকেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রব। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে বলেন জ্যেষ্ঠ পরামর্শক ও গাইনোকোলজিস্ট মিনাক্ষী সুন্দরম এবং আন্তর্জাতিক রোগী পরিষেবা বিভাগের সহকারী ব্যবস্থাপক সেনু স্যাম।