সাবেক স্ত্রী ও শাশুড়িকে অ্যাসিড ছুড়ে মারার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মো. জাহাঙ্গীর। স্ত্রী তালাক দেওয়ায় ‘প্রতিশোধ’ নিতে এই কাজ করেছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জাহাঙ্গীর। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
অ্যাসিড মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রামের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জাহাঙ্গীর। এখন যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
গত সোমবার ভোরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড এলাকায় একটি বস্তিতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিডে দগ্ধ হন শেলী আক্তার (২২) ও তাঁর মা হোসনে আরা বেগম (৫৫)। ভোর পাঁচটার দিকে ঘরের বেড়ার ফাঁকা অংশ দিয়ে তাঁদের দিকে অ্যাসিড ছুড়ে মারা হয়। অ্যাসিডে শেলীর মুখসহ শরীরের ১৫ শতাংশ এবং তাঁর মায়ের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। ঘটনার পর সাবেক স্বামী মো. জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেন শেলী।
ঘটনার তিন দিন পর গত বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরকে ঢাকার রূপনগর এলাকা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানা-পুলিশ। গত শুক্রবার তাঁকে চট্টগ্রামে আনা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে মা ও মেয়ের। দুজনের চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনকাজে পাশে থাকার ঘোষণা দিয়েছে প্রথম আলো। গত বুধবার মা-মেয়ের চিকিৎসার প্রাথমিক খরচ শেলীর বড় ভাই মো. শামীমের হাতে তুলে দেওয়া হয়। চিকিৎসার ব্যয় অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলোর সহায়তা তহবিল থেকে দেওয়া হচ্ছে।
বছর পাঁচেক আগে অটোরিকশাচালক জাহাঙ্গীরের সঙ্গে শেলীর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা পলোগ্রাউন্ড এলাকার বস্তিতেই থাকতেন। পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই শেলীর ওপর নির্যাতন শুরু করেন জাহাঙ্গীর। দিন দিন এর মাত্রা বাড়তে থাকে। বছর খানেক আগে স্বামীকে তালাক দিয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করেন শেলী। তালাকের পর জাহাঙ্গীর তিন বছর বয়সী ছেলেকে নিয়ে যান। পরে শিশুটিকে রংপুরে নিজের বাড়িতে রেখে আসেন জাহাঙ্গীর।