চট্টগ্রামে আ.লীগ ও বিএনপির নেতাদের 'নির্বাচনী ভূরিভোজ'
আগামী জাতীয় নির্বাচন যথা সময়ে হলে হাতে আর খুব বেশি সময় নেই। তাই নেতা-কর্মীদের কাছে টানতে পবিত্র ঈদুল ফিতরের এই সুযোগ হাতছাড়া করতে চাননি চট্টগ্রামের আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। এই দুই দলের মনোনয়নপ্রত্যাশী অনেক নেতা চট্টগ্রাম নগর ও জেলায় গরু ও ছাগল জবাই করে মেজবানের আয়োজন করেন। তাঁদের এই আয়োজনকে অনেকে ‘নির্বাচনী ভূরিভোজ’ বলে মন্তব্য করেছেন।
জানা গেছে, দুই দলের নেতাদের মেজবানে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছে। নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতারা মেজবানে আসা কর্মী-সমর্থকদের পরামর্শ দেন। আওয়ামী লীগের নেতারা কর্মী-সমর্থকদের এখন থেকেই গণসংযোগ শুরু করার নির্দেশনা দেন। আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টির আন্দোলনে মাঠে নামতে দলীয় কর্মীদের প্রস্তুত থাকার পরামর্শ দেন বিএনপির নেতারা।
ঈদের পরদিন গত শনিবার চারটি গরু জবাই করে প্রায় সাত হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। নগরের কাজীর দেউড়ি এলাকায় ব্যাংকুইট কমিউনিটি সেন্টারে দুপুর ১২টা থেকে ভূরিভোজের আয়োজন করা হয়। অমুসলিম ও নিরামিষভোজীদের জন্য ছিল শুঁটকি দিয়ে বেগুনের তরকারি। নোমানের নির্বাচনী এলাকার লোকজন ও দলীয় নেতা-কর্মীদের মেজবানে অংশ নিতে দেখা গেছে।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমি প্রতিবছর ঈদ উপলক্ষে মিলনমেলার আয়োজন করি। এবারের আয়োজনে লোকজন একটু বেশি হয়েছে। কারণ পাঁচটি সিটি নির্বাচনে আমাদের প্রার্থীরা জয়ী হওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে চাঙাভাব এসেছে। এই সুযোগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকার জন্য নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছি।’
নগর বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী একই দিন ব্যাংকুইট কমিউনিটি সেন্টারের আধা কিলোমিটার দূরে মেহেদীবাগের বাড়িতে মেজবানের আয়োজন করেন। আড়াই লাখ টাকা দিয়ে তিনি তিনটি গরু জবাই করেন। প্রায় ছয় হাজার নেতা-কর্মী ও নির্বাচনী এলাকার মানুষ তাঁর মেজবানে অংশ নেন। খসরু নিজ হাতে নেতা-কর্মীদের পাতে মাংস তুলে দেন।
আমীর খসরু বলেন, ‘ঈদ এলেই পুনর্মিলনীর আয়োজন করি। এতে আমার দলের নেতা-কর্মীরা অংশ নিয়েছে, আড্ডা দিয়েছে। চট্টগ্রামের রেওয়াজ অনুযায়ী এটা করেছি। এর মধ্যে কোনো রাজনীতি নেই।’
চট্টগ্রামের রাঙ্গুানিয়ায় গ্রামের বাড়িতে দুটি গরু জবাই করে ঈদের দিন শুক্রবার মেজবানের আয়োজন করেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রীর নির্বাচনী এলাকার প্রায় দুই হাজার মানুষ মেজবানে খেতে আসে। মন্ত্রীর চাচাতো ভাই মুরাদ হোসেন বলেন, ‘মন্ত্রী এবার গ্রামের বাড়িতে ঈদ করেছেন। এ কারণে এলাকার অনেক মানুষ ও শুভাকাঙ্ক্ষী তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। চট্টগ্রামের রেওয়াজ অনুযায়ী তাঁদের সবার জন্য ভূরিভোজের আয়োজন ছিল।’
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন নগরের কাট্টলীর বাড়িতে কয়েক হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করেন। যুবলীগের নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলাল জানান, মন্ত্রী তিনটি গরু ও দুটি ছাগল দিয়ে দলীয় লোকজনকে আপ্যায়ন করেছেন।
ফটিকছড়ির সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার শুক্র ও শনিবার টানা দুই দিন অনেক খাসি জবাই করে কোরমা ও পোলাও করে স্থানীয় নেতা-কর্মীদের খাওয়ানোর ব্যবস্থা করেন। আওয়ামী লীগ থেকে গতবার পরাজিত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম শনিবার দুটি গরু ও দুটি ছাগল জবাই করে মেজবান দেন। একই দিন দুটি গরু জবাই করে দলীয় কর্মীদের খাওয়ানোর ব্যবস্থা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অর্থ সম্পাদক সরওয়ার আলমগীর। একটি করে গরু জবাই করে মেজবানের আয়োজন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ হাসান ও বিএনপির উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক এ এম জয়নাল।
খাদিজাতুল আনোয়ার বলেন, ‘আমার বাবা বেঁচে থাকতে এলাকার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেন। আমিও বাবার মতো খাসি জবাই করে ঈদের দিন ও পরদিন হাজার পাঁচেক মানুষের ভূরিভোজের ব্যবস্থা করেছি।’
সাবেক সাংসদ ও উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস কাদের চৌধুরী রাউজানের গহিরা গ্রামের বাড়িতে ঈদের দিন তিনটি গরু জবাই করে সাড়ে চার হাজার লোকের মেজবানের আয়োজন করেন। তিনি নিজে ও তাঁর ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী মেজবান দেখভাল করেন।
গিয়াস কাদের বলেন, ‘পারিবারিক রীতি অনুযায়ী মেজবান করে আসছি। এতে এলাকার মানুষের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করার সুযোগ হয়। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা যায়।’
পটিয়ায় উপজেলার চেয়ারম্যান ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা ইদ্রিস মিয়া গ্রামের বাড়িতে একটি গরু জবাই করে মেজবান দেন। একইভাবে আওয়ামী লীগের সাংসদ শামসুল হক চৌধুরী প্রায় এক হাজার মানুষের বিরিয়ানির ব্যবস্থা করেন। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আলমগীর খালেদ বলেন, ঈদে সাংসদ শামসুল হক মেজবানের বদলে বিরিয়ানির ব্যবস্থা করেন।