চট্টগ্রামে আ.লীগ নেতাদের দলাদলি বাদ দেওয়ার আহ্বান উপদেষ্টার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ জে আর মোদাচ্ছের আলী দলাদলি বাদ দিয়ে একসঙ্গে কাজ করতে চট্টগ্রামের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সেক্টর কমান্ডারস ফোরাম এ সভার আয়োজন করে। মোদাচ্ছের আলী উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা ঐতিহাসিকভাবে দলাদলি পছন্দ করেন। আপনারা চারজন নেতা থাকলে চারটা গ্রুপ করেন। পরে আবার সুবিধা বুঝে দুই গ্রুপ করেন। গ্রুপিং বাদ দিয়ে অজু-গোসল করে এক কাতারে চলে আসুন। চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।’সাবেক সাংসদ এম কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সেক্টর কমান্ডারস ফোরামের উত্তর জেলা সমন্বয়ক জিতেন্দ্র প্রসাদ মন্টু ও দক্ষিণ জেলা সমন্বয়ক আবু ইউসুফ চৌধুরী। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী, আফসারুল আমীন বা আবদুচ ছালাম আছেন কি না, এতে দলের কিছু যায় আসে না। কর্মীরা এক থাকলেই হলো।’চট্টগ্রামে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সহ-সভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও যুগ্ম সম্পাদক আফসারুল আমীনের নেতৃত্বে দুটি পক্ষ বিদ্যমান। গত ২৬ ফেব্রুয়ারি দুই পক্ষের নেতাদের সঙ্গে চট্টগ্রাম সার্কিট হাউসে বৈঠক করে কোন্দল নিরসনে তিন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তার পরও উভয় পক্ষ পৃথক কর্মসূচি পালন করছে।