চট্টগ্রামে আ.লীগ নেতার বিরুদ্ধে টিভি সাংবাদিককে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হরতাল চলাকালে গতকাল সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানকে আওয়ামী লীগের নেতা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নগরের এনায়েতবাজার এলাকায় হরতাল চলাকালে যানবাহন চলাচল এবং দোকানপাট খোলা রাখার দৃশ্য ধারণ করছিলেন টিভি চ্যানেল বাংলাভিশনের ক্যামেরাম্যান আলী আকবর। কাজ সেরে জুবলি রোডে চ্যানেলের কার্যালয়ে ওঠার সময় এনায়েতবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শের মোহাম্মদের নেতৃত্বে কয়েকজন এসে তাঁর দোকান এবং গলির দৃশ্য ধারণ করার কারণ জানতে চান।জবাবে আকবর আওয়ামী লীগের নেতাকে বলেন, তিনি হরতালে দোকান ও যানবাহন চলাচলের দৃশ্য ধারণ করছেন। এর পরই শের মোহাম্মদ ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর শুরু করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।ঘটনার পর বাংলাভিশনের ক্যামেরাম্যান আলী আকবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে শের মোহাম্মদ, তাঁর দুই ছেলে নাজিম ও সাইফুল এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে জিডি নেওয়া হয়েছে। পরে তদন্ত করে এটিকে মামলায় পরিণত করা হবে।এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতি দিয়েছে।