চট্টগ্রামে আ.লীগ বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল সোমবার নগর বিএনপি হরতালের সমর্থনে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এবং আওয়ামী লীগ হরতালের নামে নৈরাজ্যের বিরুদ্ধে বাকলিয়ার কালামিয়ার বাজারে বিক্ষোভ সমাবেশ করে।জানা গেছে, দুটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠছে চট্টগ্রামের রাজনীতির মাঠ। তাই পুলিশ প্রশাসন নগরে টহল ও অভিযান জোরদার করেছে। তবে নিয়মিত মামলার আসামি ছাড়া গতকাল কোনো রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়নি।কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শাহনেওয়াজ খালেদ দাবি করেন, মামলার আসামি ছাড়া রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার বা হয়রানি করা হচ্ছে না।চার কিলোমিটার দীর্ঘ মিছিলের ঘোষণা: কাল মঙ্গলবারের হরতালের সমর্থনে আজ সোমবার নগরে চার কিলোমিটার দীর্ঘ মিছিলের ঘোষণা দিয়েছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে নাসিমন ভবনের সামনে আয়োজিত সমাবেশে তিনি বলেন, মিছিলে ৪০ হাজার লোকের সমাগম ঘটাতে নেতা-কর্মীদের দল বেঁধে দলীয় কার্যালয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।আমীর খসরু নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘হরতালে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিন। এ সরকারের দিন শেষ হয়ে আসছে। সময় থাকতে তাদের সরাতে হবে।’ সমাবেশে আরও বক্তৃতা করেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবির, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি দস্তগীর চৌধুরী, নগর কমিটির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান। এর আগে বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নাসিমন ভবনে জড়ো হন।এদিকে কালামিয়া বাজারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, হরতালের নামে নৈরাজ্যের সৃষ্টি করা হলে রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে। সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, আওয়ামী লীগের নেতা আ জ ম নাসির বক্তৃতা করেন।আওয়ামী লীগ সূত্র জানায়, বিএনপির হরতালে বাধা দেওয়া হবে না। তবে হরতাল না করতে তারা নগরের ২৬টি গুরুত্বপূর্ণ মোড়ে মাইক লাগিয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। এ ছাড়া চারটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে অনুরূপ প্রচারণা চালানো হচ্ছে।